শারদোৎসবে সেজে উঠছে বিলোনিয়া: এবার মণ্ডপে মণ্ডপে ১৩৫টি দুর্গা পুজো।
বিলোনিয়া, ১৫ অক্টোবর: শারদোৎসবকে ঘিরে উৎসবের আমেজে সেজে উঠছে দক্ষিণ ত্রিপুরা জেলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর দক্ষিণ ত্রিপুরা জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ৩০২টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিলোনিয়া মহকুমাতেই হচ্ছে ১৩৫টি পুজো। এই তথ্য জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক বিশাল কুমার।
বিলোনিয়া শহরের উল্লেখযোগ্য পুজো মণ্ডপগুলির মধ্যে রয়েছে ওরিয়েন্টাল ক্লাব, ইউনিটি ব্যায়ামাগার, নেতাজি ক্লাব, মিলন সংঘ ও ব্লাড মাউথ ক্লাব। আকর্ষণীয় প্রতিমা, মনোরম মণ্ডপসজ্জা এবং উৎসবের বর্ণিল পরিবেশকে ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
অন্যদিকে, পুজোকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিক বিশাল কুমার জানান, পুজোর দিনগুলিতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাকা পয়েন্ট বসানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং নিয়মিত পুলিশি টহলের মাধ্যমে নজরদারি চালানো হবে।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। উৎসবের আনন্দের পাশাপাশি নিরাপত্তার দিকেও নজর রেখে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
SHABD
