প্রযুক্তির মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছবে মানুষের দোরগোড়ায়: মুখ্যমন্ত্রী
১৫ অক্টোবর, আগরতলা: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সহজলভ্য হয়ে উঠবে। আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে বিদ্যুৎ দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করতে বিশ্বাসী। জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা, কর্মসূচি ও নীতি গ্রহণ করেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারি আধিকারিকরাই সেগুলি বাস্তবায়ন করেন। তিনি সরকারি ও প্রশাসনিক কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান, যাতে জনগণের আস্থা অর্জন করা যায় এবং কল্যাণমূলক প্রকল্পগুলি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি অধ্যুষিত এলাকা-সহ প্রতিটি জেলা ও মহকুমায় উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’ নীতির দ্বারা পরিচালিত হয়ে সরকার কৃষি, পানীয় জল, বিদ্যুৎ, গ্রামীণ ও শহুরে পরিকাঠামো, স্বাস্থ্য এবং সমাজকল্যাণ ক্ষেত্রে উন্নয়নে কাজ করে চলেছে।
২০১৮ সাল থেকে রাজ্যের উন্নয়নের যাত্রার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার একটি নতুন কর্মসংস্কৃতি চালু করেছে এবং ত্রিপুরা জুড়ে নিয়মিতভাবে উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে। তিনি বলেন, জ্ঞানের মাধ্যমেই অগ্রগতি সম্ভব। শূন্যপদ পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ দপ্তর মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে মোট ২১১ জনের হাতে নিয়োগের অফার দেওয়া হয়। এর মধ্যে কৃষি দপ্তরের ১৩১ জন এবং বিদ্যুৎ দপ্তরের ৮০ জন রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ।
SHABD
