১৫ কোটি টাকার শপিং কমপ্লেক্স গড়ে উঠবে খোয়াইয়ে, আরও ২০টি প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
১৫ অক্টোবর, আগরতলা: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ খোয়াইয়ের সুভাষ পার্ক বইমেলা মাঠে ১৫ কোটি টাকা ব্যয়ে গাড়ি পার্কিং-সহ একটি বহুতল শপিং কমপ্লেক্সের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি ভার্চুয়ালি গোটা জেলার বিভিন্ন স্থানে নির্মিত আরও ২০টি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে লালছড়া মহাশ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি, আয়রনমুক্ত ডিপ টিউবওয়েল, বিভিন্ন স্কুলের শ্রেণিকক্ষ, গার্লস হোস্টেল, আয়ুষ্মান আরোগ্য মন্দির-সহ অন্যান্য প্রকল্প।
আজ সুভাষ পার্ক বইমেলা মাঠে অনুষ্ঠিত ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি, রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা সুমিত রায় চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রসার, উন্নত স্বাস্থ্যব্যবস্থা, আধুনিক যোগাযোগব্যবস্থা ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি আত্মনির্ভরতার মাধ্যমে উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলাই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। তিনি বলেন, আজ মোট ২১টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যার জন্য ব্যয় হচ্ছে প্রায় ৩৯ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন সার্বজনীন হওয়া প্রয়োজন। জনগণের সুবিধার্থে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা-সহ সব ক্ষেত্রেই রাজ্যে উন্নয়নমূলক কাজ চলছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে কর্মসংস্কৃতি শুরু হয়েছে। গত অর্থবছরে গোটা রাজ্যের প্রতিটি মহকুমা ও জেলায় তিনি ১,৫০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস করেছেন। চলতি অর্থবছরে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ১,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
খোয়াই জেলার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৭১টি উন্নয়নমূলক প্রকল্পে ১,০৩৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এর মধ্যে ১৯টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ৫২টি প্রকল্পের কাজ চলছে।
বিভিন্ন ধরনের সড়ক নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, তুলাশিখর ব্লকের গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে ১০৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। খোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে সাব্রুমের হরিণ পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া আগরতলা থেকে খোয়াই হয়ে কৈলাশহর পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের জন্য ১১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
SHABD
