মাছ, দুধ ও ডিম উৎপাদন বাড়াতে বিশেষ নজর ত্রিপুরার, জানালেন মন্ত্রী সুধাংশু দাস
মাছ, দুধ ও ডিম উৎপাদন বাড়াতে বিশেষ নজর ত্রিপুরার, জানালেন মন্ত্রী সুধাংশু দাস
১৩ অক্টোবর, আগরতলা: রাজ্য মাংস উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও ডিম, দুধ ও মাছের উৎপাদন বৃদ্ধি করে একই লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বাধিক গুরুত্ব দিচ্ছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। আজ সিপাহীজলা জেলায় পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে একথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলির মন্ত্রী সুধাংশু দাস। জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী আরও জানান, সম্প্রতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে বিভিন্ন পদে আরও প্রায় ৪৫০ জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তাছাড়া ১১০ জন প্রাণী চিকিৎসক নিয়োগের পরীক্ষার ব্যবস্থা করার জন্য টিপিএসসির কাছে আবেদন জানানো হয়েছে।
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বরাদ্দকৃত অর্থে সিপাহীজলা জেলায় উল্লেখিত তিনটি দপ্তর কতটা কাজ বাস্তবায়ন করেছে, তার অগ্রগতি, বরাদ্দকৃত অর্থের কতটা ব্যবহার করা হয়েছে এবং গত অর্থবর্ষের সফলতা ও বিফলতা চিহ্নিত করার জন্যই এই পর্যালোচনা বৈঠক বলে জানান মন্ত্রী।
পর্যালোচনা বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ, অতিরিক্ত জেলাশাসক, জেলার অন্তর্গত একাধিক বিধায়ক এবং দপ্তরগুলির পদস্থ আধিকারিকরা।
SHABD