বিশ্রামগঞ্জ, ১৩ অক্টোবর: প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে বিভিন্ন পদে আরও প্রায় ৪৫০ জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি, ১১০ জন প্রাণী চিকিৎসক নিয়োগ করবে রাজ্য সরকার। আজ সিপাহীজলা জেলায় এক পর্যালোচনা বৈঠকে এ কথা জানান মন্ত্রী সুধাংশু দাস।
তিনি বলেন, রাজ্য মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এবার ডিম, দুধ ও মাছ উৎপাদন বাড়িয়ে একই লক্ষ্যে পৌঁছানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তর।
বিশ্রামগঞ্জে জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রীর পৌরোহিত্যে মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ ও তফশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করা হয়।
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার, তিনটি দপ্তরের কাজের অগ্রগতি এবং গত অর্থবর্ষের সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ, অতিরিক্ত জেলাশাসক, জেলার একাধিক বিধায়ক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির পদস্থ আধিকারিকরা।
SHABD