কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রয়াস: ২০৪৭ সালের মধ্যে বদলে যাবে ত্রিপুরার চেহারা, আশাবাদী মুখ্যমন্ত্রী
১৩ অক্টোবর, আগরতলা: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন, ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলার জাতীয় অভিযানে ত্রিপুরা সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। সভায় প্রধানমন্ত্রীর ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবার কথাও স্মরণ করা হয়।
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে জনধন যোজনা, পিএম গতিশক্তি, উজ্জ্বলা যোজনা, অপারেশন সিঁদুর এবং ৩৭০ ধারা বিলোপের মতো উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি জানান, রাজ্যজুড়ে ‘আঙ্গন মিলন সেবা’, ‘সেবা কি কহানি’, ‘কলস যাত্রা’, ‘সার্ভিস মাই কন্ট্রিবিউশন’, ‘সেবা কে রং—রাষ্ট্র কে সঙ্গ’, ‘সুশাসন সংবাদ’ এবং ‘নমো সেবা’ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, সেবা জ্যোতি যাত্রার অঙ্গ হিসেবে রাজ্যের আটটি জেলায় বিকশিত ভারতের প্রতীক হিসেবে স্থায়ীভাবে সেবাজ্যোতি চক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একনিষ্ঠ দায়বদ্ধতার সঙ্গে জনসেবার ক্ষেত্রে ২৫ বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই এই সেবাজ্যোতি চক স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
SHABD
