১৯ অক্টোবর, আগরতলা: দুর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দশমীঘাটে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে পূজা উদ্যোক্তাদের কাছে আবেদন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ আগরতলায় দশমীঘাটের প্রতিমা নিরঞ্জনস্থল পরিদর্শন করেন তিনি। মেয়র বলেন, যেসব গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়া হবে, সেগুলির চালক যেন কোনওভাবেই মদ্যপ অবস্থায় না থাকেন, তা নিশ্চিত করতে হবে উদ্যোক্তাদের। একইসঙ্গে প্রতিমা নিরঞ্জনস্থলে ডিজে নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শ্রী মজুমদার জানান, কোনও ধরনের শব্দযন্ত্র নিয়ে যাতে কেউ নিরঞ্জনস্থলের ভিতরে প্রবেশ করতে না পারেন, সেদিকেও বিশেষ নজর রাখা হবে। নিরঞ্জন পর্বে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেয়র জানান, আগরতলা পুর নিগমের উদ্যোগে ঢাকের বাদ্যি, মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হবে। ঐতিহ্যবাহী এই আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তিকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দশমীঘাটে নিরঞ্জনকে ঘিরে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও জানান মেয়র।
SHABD