১৭ অক্টোবর, আগরতলা: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ কৈলাশহরের জেলা স্পোর্টস কমপ্লেক্সে “রঙ্গলাল দাস স্মৃতি ইনডোর স্পোর্টস হল”-এর আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ২৬ লক্ষ ১৮ হাজার টাকা। মুখ্যমন্ত্রী এখানে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন।
এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত হয়। রাজ্য সরকার ক্রীড়ার সার্বিক বিকাশে গোটা রাজ্যেই পরিকাঠামোগত উন্নতি সাধন করে চলেছে। লক্ষ্য স্থির রেখে অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধনের উপর তিনি গুরুত্বারোপ করেন। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তব্য রাখেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাশ, জেলাশাসক মেঘা জৈন, পুলিশ সুপার ঋষভ, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. দারলং প্রমুখ। অনুষ্ঠানে সমবেত যোগা প্রদর্শন করা হয়।
মুখ্যমন্ত্রী এরপর কৈলাশহর শ্রীরামপুর সংহতি সার্বজনীন পূজা কমিটি আয়োজিত পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি স্মরণিকা “দেবীকথা”-র আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। মুখ্যমন্ত্রী এদিন কৈলাশহর রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপও পরিদর্শন করেন।
SHABD