আশাবাড়ি সীমান্তে দুই বাংলাদেশি পুলিশকর্মীকে হস্তান্তর বিএসএফের
১৬ অক্টোবর, আগরতলা: সিপাহিজলা জেলার কলমচৌড়া থানার আশাবাড়ি সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বাংলাদেশের দুই পুলিশকর্মীকে আটক করেছিল বিএসএফ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এএসআই ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান সন্দেহভাজন পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে বিএসএফের হাতে তুলে দেন। আজ দুপুর একটা নাগাদ কলমচৌড়া থানার অধীন রহিমপুর বিএসএফ ক্যাম্পের সীমান্ত ফটক এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ওই দুই পুলিশকর্মীকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নজরদারি বজায় রাখা হয়েছে।
SHABD
