ত্রিপুরায় প্রযুক্তি শিক্ষার পরিকাঠামোয় নতুন সংযোজন, মোহনপুরে IIIT ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
১৫ অক্টোবর, আগরতলা: ত্রিপুরার মেধাবী পড়ুয়ারা যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম, তা প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই প্রমাণ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) আগরতলা। বৃহস্পতিবার মোহনপুরে আইআইআইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
মন্ত্রী জানান, ২০১৮ সালের ২৫ জুন যাত্রা শুরু করা আইআইআইটি আগরতলার ইতিমধ্যে পাঁচটি ব্যাচের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। মোট ১১০ জন পড়ুয়ার মধ্যে গড়ে ৮০ শতাংশেরও বেশি চাকরির সুযোগ পেয়েছেন। প্রথম ব্যাচের ক্ষেত্রে চাকরি পাওয়ার হার ছিল ১০০ শতাংশ। প্রতিষ্ঠানের সর্বোচ্চ বার্ষিক বেতনের প্যাকেজ ২১ লক্ষ ৯৯ হাজার টাকা। অ্যামাজন, রেড হ্যাট এবং মিডিয়া ডটনেটের মতো সংস্থায় পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
মন্ত্রী আরও জানান, ৫০ একর জমির উপর প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসটি গড়ে তোলা হবে। এর ফলে আধুনিক পরিকাঠামো, প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ আরও সম্প্রসারিত হবে। পড়ুয়াদের ইন্টার্নশিপ, বাস্তব প্রকল্পে কাজ, মেন্টরশিপ এবং উদ্যোগপতি হয়ে ওঠার সুযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, ত্রিপুরার পড়ুয়াদের এমন প্রযুক্তিগত পণ্য ও সমাধান উদ্ভাবনের স্বপ্ন দেখতে হবে, যা আন্তর্জাতিক স্তরে মানুষের কাজে লাগবে। একই সঙ্গে রাজ্যের উন্নয়নেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইআইটি আগরতলার বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (ড.) কে. হিমালয় সিং, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃশকেতু দেববর্মা এবং আইআইআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক (ড.) অভয় কুমার।
SHABD
