১৪ অক্টোবর, আগরতলা: সাব্রুমের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আজ সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজ সংলগ্ন শাস্ত্রী কলোনিতে ১৩২ কেভি সাবস্টেশনের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। ৬৬ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সাবস্টেশনের ফলে সাব্রুম, বৈষ্ণবপুর, মনুঘাট, হরিনা, বনকুল, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লুধুয়া ও রূপাইছড়ি এলাকার ২১ হাজার ৩৯৮টি পরিবার উপকৃত হবে বলে জানান বিদ্যুৎমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যে সাবস্টেশনের সংখ্যা বৃদ্ধি-সহ বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মনিবালা বৈদ্য-সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন বিদ্যুৎমন্ত্রী সাতচাঁদেও আরও একটি ১৩২ কেভি সাবস্টেশনের উদ্বোধন করেন।
SHABD