ধর্মনগরে ৪১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর, ব্যয় ৬০০ কোটিরও বেশি
ধর্মনগরে ৪১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর, ব্যয় ৬০০ কোটিরও বেশি
ধর্মনগর, ১২ অক্টোবর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ৬০০ কোটি টাকারও বেশি ব্যয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। রবিবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি মোট ৪১টি প্রকল্পের মধ্যে ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং ১৬টি প্রকল্পের শিলান্যাস করেন। প্রশাসনিক পরিকাঠামো, সড়ক যোগাযোগ, ক্রীড়া, শিশু সুরক্ষা এবং ব্রু শরণার্থীদের পুনর্বাসন-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত জেলাশাসকের কার্যালয় ভবন-সহ একাধিক পরিকাঠামোর উদ্বোধন করেন। প্রশাসনিক পরিষেবাকে আরও উন্নত করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নে প্রায় ২৬৭ কোটি টাকা এবং সড়ক উন্নয়নের জন্য প্রায় ২৯৬.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ধর্মনগর ও পানিসাগরে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ৬.৮ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন নির্মাণকাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিশুদের সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে রামনগরে ৩.২৭ কোটি টাকা ব্যয়ে ‘বাৎসল্য সদন’ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
ব্রু শরণার্থীদের পুনর্বাসন ও জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত উত্তর ত্রিপুরার ছয়টি ব্রু শরণার্থী শিবিরে পরিকাঠামো উন্নয়ন ও পুনর্বাসনের জন্য মোট ৬৪.৩৩ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদব লাল নাথ ও জহর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব কিরণ গিত্তে, উত্তর ত্রিপুরার জেলাশাসক চান্দনি চন্দ্রন, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই-সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।
এই প্রকল্পগুলির মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক ব্যবস্থা, যোগাযোগ, ক্রীড়া পরিকাঠামো এবং সামাজিক পরিষেবার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
Source : SHABD