তানজানিয়ায় ১৫৩তম আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের অধিবেশনে ভারতের প্রতিনিধি দলের সক্রিয় অংশগ্রহণ
তানজানিয়ায় ১৫৩তম আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের অধিবেশনে ভারতের প্রতিনিধি দলের সক্রিয় অংশগ্রহণ
নয়াদিল্লি, ১০ অক্টোবর ২০২৬: তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (আইপিইউ) অধিবেশনের শেষ দিনে ভারতের প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করে। রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশের নেতৃত্বে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই অধিবেশনে অংশ নেয়।
৯ অক্টোবর অধিবেশনের পঞ্চম তথা শেষ দিনে প্রতিনিধি দলের সদস্যরা আইপিইউ-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দেন। সেখানে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচন এবং বিভিন্ন বিশেষ বৈঠকের প্রতিবেদন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন সভাপতি নির্বাচনে ভারতের জন্য বরাদ্দ তিনটি ভোট দেন হরিবংশ, লোকসভার সাংসদ অনুরাগ সিং ঠাকুর এবং সাংসদ কমলজিৎ সেহরাওয়াত।
গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনের পর অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিককে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের পরবর্তী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর হরিবংশ-সহ ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান এবং তাঁর সফল কার্যকালের জন্য শুভেচ্ছা জানান। পরে রাজ্যসভার সাংসদ ড. সস্মিত পাত্র লোকসভার স্পিকারের পক্ষ থেকে মিল্টন ডিকের হাতে একটি অভিনন্দনপত্র তুলে দেন।
অধিবেশনের শেষ পর্বে ‘আরুশা কমিউনিক’ গ্রহণ করা হয়। পাশাপাশি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও ক্ষমতায়নের প্রসারে সংসদীয় কৌশল এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। জলবায়ুজনিত বিপর্যয় মোকাবিলা এবং হিমালয়-সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য জরুরি সংসদীয় পদক্ষেপ সংক্রান্ত প্রস্তাবও গৃহীত হয়।
সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পর তানজানিয়ার জাতীয় সংসদের স্পিকার এবং অধিবেশনের সভাপতি মুসা আজান জুঙ্গু আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
ভারতের প্রতিনিধি দলের এই অংশগ্রহণ আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার, মানবাধিকার রক্ষা এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Source : PIB