গার্হস্থ্য হিংসা রুখতে তৃণমূল স্তরে সচেতনতা বৃদ্ধিতে জোর মহিলা কমিশনের
১৫ অক্টোবর, আগরতলা: গার্হস্থ্য হিংসা থেকে মেয়েদের রক্ষা করতে রাজ্যের সবকটি ব্লকে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নিয়েছে রাজ্য মহিলা কমিশন। আজ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা নিজের অফিসে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যেই গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার সবকটি ব্লকে সচেতনতা অনুষ্ঠান হয়েছে। আগামী ২৯ ও ৩০ অক্টোবর সিপাহিজলা জেলায় এই কর্মসূচি হবে।
ব্লকভিত্তিক সচেতনতা কর্মসূচিতে গার্হস্থ্য হিংসা ছাড়াও শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত আইন সম্পর্কেও জানানো হচ্ছে। শ্রীমতী দেববর্মা জানান, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন-সহ এখন সাতজন মনোনীত সদস্য রয়েছেন। প্রত্যেক সদস্যকে আটটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মেয়েদের সুরক্ষার জন্য এখন প্রত্যেক জেলাভিত্তিক লিভ-ইন রিলেশনশিপের উপর আলোচনা রাখা হচ্ছে। আগরতলা দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী-সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
SHABD
